অবশেষে বিয়ের পিঁড়িতে ছাত্রলীগ নেত্রী অর্ণা

নজর২৪ ডেস্ক- অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বড় মেয়ে ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজশাহী মহানগরীর উপশহরে মেয়রের বাসভবনে পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

 

বিয়েতে দুই পরিবারের নিকটাত্মীয়রাই কেবল অংশ নিয়েছেন। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় পরিসরে সংবর্ধনার আয়োজন করা হবে।

 

ডা. আনিকা ফারিহা জামান অর্ণার স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া। মো. রেজভী আহমেদ ভূঁইয়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ব্যবসায়ী আমির হোসেন ভূঁইয়া ও রাজিয়া বেগমের সন্তান।

 

এর আগে বুধবার রাতে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও রেজভী আহমেদ ভূঁইয়ার গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

 

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের দৌহিত্র ডা. অর্ণা ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *