বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গোপসাগরে ঝাঁপ দেয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত বলে মন্তব্যও করেন তিনি। কারণ হিসেবে বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ।
বুধবার (১১ মে) রাজধানী মহাখালীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১১তম বোর্ড সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
গতকাল মির্জা ফখরুল বলেন, ‘শ্রীলঙ্কার চেয়েও আওয়ামী লীগ সরকারের অবস্থা আরও খারাপ হবে। শ্রীলঙ্কা নদীতে পড়েছে, এই সরকার বঙ্গোপসাগরে পড়বে।’
এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ একটি দল। এ দলের ব্যর্থ নেতা মির্জা ফখরুল। এসব ব্যর্থ নেতাদের এক্ষুণি পদত্যাগ করা উচিত। অন্যথায় মির্জা ফখরুলের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত।’
মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে কাদের বলেন, ‘মির্জা ফখরুল এখনো বঙ্গোপসাগরে ঝাঁপ দিচ্ছেন না কেন?’
তিনি বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থনৈতিক বাস্তবতা এক নয়। শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেখানে ৫০ মিলিয়ন ডলার, সেখানে বাংলাদেশের ৪৪ বিলিয়ন ডলার।’
এসময় বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘তারা কখনো আরব বসন্ত, কখনো পরাশ্রয়ী হয়ে ক্ষমতায় যেতে চায়। কখনো হেফাজত, কখনো কোটা আন্দোলনের ওপর ভিত্তি করে ক্ষমতা পেতে চায়।’
শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে মেলানোর চেষ্টাকে বিএনপির ‘ক্ষমতাহীন, মেরুদণ্ডহীন রাজনৈতিক দলের আত্মতুষ্টি ছাড়া কিছুই নয়’ বলে মন্তব্য করেন কাদের।
