শ্রীলঙ্কায় নদীতে ঝাঁপ দিচ্ছে, এরা বঙ্গোপসাগরে ঝাঁপ দেবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে এই সরকারের শিক্ষা নিয়ে লাভ হবে না। কারণ, তারা শিক্ষা নিতে জানে না। যদি জানত তাহলে এই ১০ বছরে শিক্ষা নিতে পারত। শ্রীলঙ্কায় নদীতে ঝাঁপিয়ে পড়ছে সবাই, এরা (আওয়ামী লীগ সরকার) বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে।

মঙ্গলবার (১০ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কমিটি ও অঙ্গ-সংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় ‘ইভিএম-এ ৩০০ আসনে ভোট করার সক্ষমতা নেই’ বলে নির্বাচন কমিশন যে মন্তব্য করেছে সে বিষয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যা বলার বলে দিয়েছেন, এখানে আমাদের বলার তেমন কিছু আছে বলে মনে হয় না। এই সরকার সচেতনভাবে অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশের নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্রকে ধ্বংস করছে।

বিএনপি’র সিনিয়র নেতাদের পক্ষ থেকে বলা হয়েছিল ঈদের পরে আন্দোলন কাকে বলে দেখিয়ে দেবেন, এ প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমাদের সবকিছুই আন্দোলনের অংশ, আমরা যা কিছু করছি তাই আন্দোলন। আন্দোলন বলতে আপনারা কী বোঝেন তা জানি না, আমরা যারা আন্দোলন করি তারা বুঝি আন্দোলন মানেই জনগণকে সম্পৃক্ত করা। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছি এটাও আন্দোলনের কর্মসূচি, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি দিয়েছি সেটাও আন্দোলনের কর্মসূচি। অস্থির হবেন না, আপনারা যেটা দেখতে চান সেটা খুব শিগগিরই দেখতে পাবেন।

সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি আসবে কি না, প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা দেড় মাস আন্দোলন করেছি। এই দফাতে আমরা করেছি। আমাদের দফা তো একটা না অনেকগুলো।’

‘আমরা রাজনৈতিক দল, আমাদের রাজনীতির মূল্য লক্ষ্য হচ্ছে দেশের রাজনীতিকে ঠিক করা। এটা ঠিক হলে তেলের দামও ঠিক হয়ে যাবে, সরকার পরিবর্তন হলে তেলের দামও ঠিক পর্যায় আসবে,’ বলেন মির্জা ফখরুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *