রাস্তার বিষয়ে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন: কাদের

ঈদে ঘরমুখো মানুষরা যাতে পথে পথে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন সেদিকে কঠোরভাবে নজর দিতে বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিবহন সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘অনেক সময় রাস্তায় ভিড় দেখলেই অনেক গাড়ি রং রোডে (উল্টোপথে) যাওয়া শুরু করে। দু’চারটা গাড়িও রং রোডে ঢুকে গেলে পুরো এলাকা যানজটের সৃষ্টি হয়। যাদের যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করলে অনেকটাই সমস্যার সমাধান থেকে উত্তরণ সম্ভব। তাহলেই ঈদে যাত্রা দুর্ভোগ থেকে স্বস্তির হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘এবার এসব বিষয়ে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। রাস্তার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় খোঁজখবর নিচ্ছেন। ঈদে ঘরমুখো মানুষের রাস্তায় যেন কোন জনদুর্ভোগের সৃষ্টি না হয় সে বিষয়টি তিনি দেখভাল করছেন। গার্মেন্টস মালিকরা আমাদের আশ্বস্ত করেছিল, তারা ধাপে ধাপে গার্মেন্টস ছুটি দেবে। আশা করি, তারা কথা দিয়ে কথা রাখবে।

অতীতের যে কোনও সময়ের চেয়ে সড়কের অবস্থা এখন ভালো বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, গাজীপুরে রাস্তায় যে ধরনের সমস্যা ছিল, এবার তা অনেকটাই সমাধান হয়েছে। উত্তরবঙ্গে যাত্রার পথে যে সমস্যাটি হয় সেই পরিপ্রেক্ষিতে ওইসব এলাকার রাস্তায় তিনটি ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সেতুর এদিকে যে আরেকটি সমস্যা হয় সেটিও আর একটি দুর্ভোগের জায়গা সেখানে আমরা নলকা এলাকায় সমস্যার সমাধানে কাজ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *