ওয়ারেন্টভুক্ত আসামি বিধায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেনকে গ্রেপ্তারের বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি বিধায়। ২০১৯ সালের একটি বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আছে। আরও মামলাও তার বিরুদ্ধে আছে। গতকালের মিছিলের সঙ্গে তার গ্রেপ্তারের কোনো সম্পর্ক নাই।’
‘যারা জ্বালাও পোড়াও করেছিল এবং মানুষ পুড়িয়ে মারার যারা হুকুমদাতা, তাদেরও গ্রেপ্তার করা প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে নির্বাচনে অংশ নিতে রাজি করাতে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে যে তথ্য প্রকাশ পেয়েছে তা ঠিক নয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা সফরকালে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করেননি। মিডিয়ার সামনে কথা বলার সময় তিনি বলেছেন। আনুষ্ঠানিক আলোচনায় এটি নিয়ে তিনি কোনো কথা বলেননি। এটি তার একান্ত ব্যক্তিগত মত।
‘নির্বাচনের ট্রেন কারও জন্য দাঁড়িয়ে থাকবে না। ২০১৪ সালের নির্বাচনের ট্রেন কারও জন্য দাঁড়ায়নি। ২০১৮ সালে বিএনপি ট্রেন উঠবে কি উঠবে না এই দ্বিধায় ছিল। পরে ট্রেনের পাদানিতে চড়ে নির্বাচনে অংশ নিয়েছে।’
তিনি আরও বলেন, গণতন্ত্রকে সংহত করতে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। কারা আসবে এটাই একান্ত তাদেরই ব্যাপার। বিএনপি তো নির্বাচনকে ভয় পায়। বিএনপি যেহেতু বারবার যে কোনো বিষয় নিয়ে বিদেশিদের কাছে ধরনা দেয় তার পরিপ্রেক্ষিতেই পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন। এটি তার একান্ত নিজস্ব বক্তব্য, সরকার বা দলের বক্তব্য নয়।
