মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগ নেতাসহ ৩ জন নিহত

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার মাঝরাতে উপজেলার আলমনগর বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে ও বিনোদনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিমন ইসলাম (২২), কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩) ও উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে কিবরিয়া ইসলাম (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, দ্রুতগতিতে মোটরসাইকেলে করে তিন জন নবাবগঞ্জ বাজার থেকে কাঁচদহ ব্রিজের দিকে যাচ্ছিলেন। আলমনগর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাঁরা ছিটকে খাদে পড়ে যান।

গাছের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই তিন জন নিহত হন। খবর পেয়ে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে।

ওসি ফেরদৌস বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *