ঢাকা ও টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণে নিউমার্কেটের সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি অংশ টিচার্স ট্রেনিং কলেজের গেট ভাঙার চেষ্টা করছে। আরেকটি অংশ টিটি কলেজের মেইন গেট অর্থাৎ সায়েন্স ল্যাবের দিকে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উঁচু ভবন থেকে গেটের বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের উদ্দেশে পাথর ও ককটেল নিক্ষেপ করছে।

ঢাকা কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমান তানিম বলেন, ‘কী নিয়ে ঝামেলা জানি না। টিটি কলেজের ছেলেরা তাদের গেটে অবস্থান নিয়ে আছে। ঢাকা কলেজের ছেলেরা নায়েমের গলির মুখে আছে। টিটি কলেজের ভেতরে গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।’

ঢাকা কলেজের ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন জানান, কলেজ স্ট্রিটে ঢাকা কলেজের কয়েকজন ছাত্রকে টিটি কলেজের ছেলেরা মারধর করেন। সেটার জেরে সংঘর্ষ।

ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী সংঘর্ষে আহত হয়েছেন বলে জানান তিনি।

নিউমার্কেট-কলাবাগান জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলছে। কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *