হঠাৎ নেতৃত্ব ছাড়লেন ধোনি, চেন্নাই পেল নতুন নেতা

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগে রীতিমতো দুঃসংবাদ! ১৪ বছর পর এসে অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি।

এবারের আইপিএলে প্রথম ম্যাচে মাঠে নামার দু’দিন আগে অধিনায়কত্ব ছেড়ে দিলেন চেন্নাই সুপার কিংসের এই কিংবদন্তি। তিনিই দায়িত্ব তুলে দিলেন সতীর্থ রবীন্দ্র জাদেজার হাতে।

বৃহস্পতিবার আইপিএলের দল চেন্নাই এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। এর পথ ধরে ১৪ বছরের এক চেনা দৃশ্যের অবসান হলো। ২০০৮ সালে শুরু হয়েছে আইপিএল। প্রথম বছর থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। অনেকটা হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন ৪০ বছর বয়সী ধোনি। অবশ্য ভারতের ইতিহাসে সর্বকালের সেরা এই অধিনায়ক বরাবরই এমন চমকে দেওয়া সিদ্ধান্ত নেন।

মাঝে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে দু’বছর আইপিএলে ছিল না চেন্নাই। তখন পুণে সুপার জায়ান্টে খেলেন ধোনি। চেন্নাই আইপিএলে ফিরতেই ফের অধিনায়ক করা হয় তাকে। নেতৃত্বে দারুণ সফলও এই উইকেট কিপার-ব্যাটসম্যান। প্রত্যাবর্তনের পর দু’বার চেন্নাইকে জেতালেন আইপিএল।

জাদেজাও চেন্নাইয়ের পুরোনো সদস্য। সেই ২০১২ সাল থেকে এই দলের সঙ্গে আছেন তিনি। ধোনি ছাড়াও চেন্নাইয়ের নেতৃত্ব এর আগে দেখা গেছে সুরেশ রায়নাকেও। এবার সেই তালিকায় জাদেজা।

এর আগে ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে হঠাৎ করেই টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ধোনি। এখানেই শেষ নয়, তখনই টেস্ট ফরম্যাট থেকেই অবসর নিয়ে নেন তিনি। তারপর ২০১৭ সালে ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্বও ছাড়েন। ২০২০ সালের ১৫ আগষ্ট ভারতের স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন ধোনি। এরপর থেকে শুধু আইপিএলে খেলে যাচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *