রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছে বাংলাদেশ। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দায় জাতিসংঘের সাধারণ পরিষদে ডাকা জরুরি বৈঠকে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল।
ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদে বুধবার (০২ মার্চ) জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস হয়। এ প্রস্তাবের পাশাপাশি ইউক্রেনে হামলা বন্ধ ও সেনা সরিয়ে নেওয়ার পক্ষে ভোট দেয় ১৪১টি দেশ।
রাশিয়ার ভিটোতে নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব ঠেকে যাওয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার ইউক্রেইন পরিস্থিতি নিয়ে জরুরি অধিবেশনে বসে সাধারণ পরিষদ।
১৯৯৭ সালের পর সাধারণ পরিষদের প্রথম জরুরি অধিবেশনে দুদিনের বিতর্ক পর্বের পর বুধবার নিন্দা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়।
মঙ্গলবার সাধারণ পরিষদের আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধি মনোয়ার হোসেন সব দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের একাগ্রতার প্রতি সমর্থন জানান এবং আহ্বান জানান সবপক্ষকে সংঘাত থেকে বিরত হওয়ার।
সমস্যা সমাধানে সব পক্ষকে জরুরি ভিত্তিতে সংলাপে মিলিত হওয়ার আহ্বানও জানান বাংলাদেশের প্রতিনিধি।
একইসঙ্গে ইউক্রেইনে মানবিক সহায়তার নিরাপদ ও অবাধ প্রবেশাধিকারের সুযোগের নিশ্চিতের পাশাপাশি দেশটি যারা ছাড়তে চায়, তাদের পথ নিরাপদ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ার ক্ষেত্রে রাশিয়া পাশে পেয়েছে বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়াকে।
বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ভোটদানে বিরতি ছিল। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটান।
চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরান, ইরাক, ভিয়েতনামের পাশাপাশি উগান্ডাসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশ ভোটদানে বিরত ছিল।
সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হওয়া এই প্রস্তাবকে ঐতিহাসিক বলেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘সাধারণ পরিষদের আজকের প্রস্তাবে সত্যের প্রতিফলন ঘটেছে। বিশ্ব ইউক্রেনের মানবিক যন্ত্রণার অবসান চায়। অবিলম্বে শত্রুতা বন্ধ করতে ও শান্তির জন্য জরুরি আলোচনায় অবদান রাখতে আমি আমার ক্ষমতার সবকিছুই করে যাব।’
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
অভিযানের সপ্তম দিন বুধবার রাশিয়া জানায়, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে তাদের ৪৯৮ সেনা নিহত হয়েছেন; আহত হয়েছেন ১ হাজার ৬০০ জন। অন্যদিকে রুশ হামলায় ইউক্রেনের ২ হাজার ৮৭০ সেনা নিহত ও ৩ হাজার ৭০০ জনের বেশি আহত হন বলেও দাবি করেছে রাশিয়া।
