অনুশীলন চলাকালে মাঠে হেলিকপ্টার, ক্ষুব্ধ তামিম-মাশরাফিরা

স্পোর্টস আপডেট ডেস্ক- মাঠে চলছে অনুশীলন। জাতীয় দলের তারকা তামিম ইকবাল, রুবেল হোসেনরা ঘাম ঝড়াচ্ছেন। হঠাৎ সেখানেই নেমে পড়ল হেলিকপ্টার। বিরক্ত ক্রিকেটাররা। ভীতও বটে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিপিএলের অনুশীলনে ঘটেছে এমন ঘটনা।

জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা রোগী বহনে হেলিকপ্টার অবতরণের অনুমতি দিলেও জানতো না বিপিএল সংশ্লিষ্ট কেউ!

জানা গেছে, হেলিকপ্টারে গাড়ি দূর্ঘটনার রোগী ছিলেন। একদিন আগে দুর্ঘটনার কবলে পড়েন ওই রোগী। র’ক্তক্ষরণ হওয়ায় দ্রুত সময় ঢাকা নেওয়ার জন্য হেলিকপ্টারটি আনা হয়েছিল।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম বলেন, ‘আমাদের সঙ্গে তারা আগেই যোগাযোগ করেছিল। আমরা অনুশীলনে জায়গা থেকে খানিক দূরে হেলিকপ্টার অবতরণের জায়গা ঠিক করেছিলাম। তারা সেটি বুঝতে না পেরে অনুশীলনের মাঝেই অবতরণ করে।’

এই মাঠে এর আগেও একবার বিপিএলে এমন কাণ্ড হয়েছিল। সেবার ঢাকা ডায়নামাইটস অনুশীলন করছিল এম এ আজিজ স্টেডিয়ামে। তাদের অনুশীলনে বিপিএলের আরেক দল রংপুর রাইডার্সের মালিকদের দুটি হেলিকপ্টার প্রায় একই সময় অবতরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *