Home প্রধান খবর আন্দোলনকারীদের অ্যাকাউন্টে সাড়ে ১১ লাখ টাকা, রাজনৈতিক ইন্ধন দেখছে পুলিশ

আন্দোলনকারীদের অ্যাকাউন্টে সাড়ে ১১ লাখ টাকা, রাজনৈতিক ইন্ধন দেখছে পুলিশ

0
318

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে দেশ ও বিদেশ থেকে আর্থিক সহায়তা আসছে। ‘ফান্ড ফর সাস্ট’ নামের তহবিলে গত সাত দিনে অন্তত সাড়ে ১১ লাখ টাকা সহায়তার পেয়েছেন তারা।

তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তাদের দাবি, শিক্ষার্থীদের আন্দোলনে অর্থ জোগান দেওয়ার পেছনে রাজনৈতিক ইন্ধনের প্রমাণ পেয়েছেন তারা। এর পরিপ্রেক্ষিতেই প্রাক্তন পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর- আজকের পত্রিকার

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বলেছেন, প্রাক্তন এই শিক্ষার্থীদের ওপর নজর রাখছিলেন সিআইডির সাইবার ক্রাইম ইউনিট। অস্বাভাবিক অর্থায়নের প্রমাণ পাওয়ায় গত সোমবার দিবাগত রাতে রাজধানীর ফার্মগেট ও উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে শাহজালাল থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গ্রেপ্তার হওয়া পাঁচ সাবেক শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে ২০১২ সালে পাস করা হাবিবুর রহমান স্বপন, একই বছর আর্কিটেকচার বিভাগ থেকে পাস করা রেজা নূর মঈন দীপ ও নাজমুস সাকিব।

বাকি দুজন হলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ। অবশ্য সিআইডির মুখপাত্র বলেছেন, তারা স্বপ্রণোদিত হয়ে গ্রেপ্তার করেননি বরং সিলেট মেট্রোপলিটন পুলিশের গ্রেপ্তারের কাজে সহায়তা করেছেন।

সিআইডির পদস্থ এক কর্মকর্তা মঙ্গলবার বিকেলে জানিয়েছে, শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন চলমান রাখতে ওই ফান্ডে মোট ১১ লাখ ৫০ হাজার টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব টাকা এসেছে ২৩৭টি বিকাশ, ২৩ টি রকেট, ১৭ নগদ, ৪১ ব্যাংক এবং ৩৯টি বিদেশি অ্যাকাউন্ট থেকে। তবে তাদের মধ্যে গ্রেপ্তার হওয়া মারুফ হোসেন পাঠিয়েছেন ১০ হাজার ২৫০ টাকা, ফয়সাল আহমেদ ৫ হাজার ১০০ টাকা, হাবিবুর রহমান খান নামের এক শিক্ষার্থী ৫ হাজার ১০০ টাকা, রেজা নূর মঈন দীপ দুই হাজার ৫০০ টাকা এবং নাজমুস সাকিব পাঠিয়েছেন তিন হাজার টাকা। তবে আজকের পত্রিকার পক্ষ থেকে নিরপেক্ষ সূত্রে এসব তথ্য যাচাই করার সম্ভব হয়নি।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার সন্ধ্যার পর থেকে এসব অ্যাকাউন্টে আর কোনো লেনদেন করা যাচ্ছে না। এমনকি এই ফোন নম্বরগুলো থেকে কল দিতে পারছেন না এবং কোনো কলও ঢুকছে না। তবে কে বা কারা অ্যাকাউন্ট বন্ধ করতে পারে এ বিষয়ে কেউ কিছু বলতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here