আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব-মোস্তাফিজ

স্পোর্টস আপডেট ডেস্ক- এবারের আইপিএলে দল বেড়েছে দুটি। ফলে প্রতিযোগিতার নিলাম হতে যাচ্ছে আরও আকর্ষণীয় ও বড়। মেগা ইভেন্টের মেগা নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের দুই তারকার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি।

সব ঠিক থাকলে আইপিএল নিলাম হবে বেঙ্গালুরুতে, ১২ ও ১৩ ফেব্রুয়ারি। এবারের আইপিএলে বাংলাদেশ থেকে ৯ ক্রিকেটার রয়েছেন নিলামে। সব মিলিয়ে আছেন ১২১৪ জন ক্রিকেটার।

গতবার ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আর মুস্তাফিজকে ১ কোটি রুপিতে নাম লেখান রাজস্থান রয়্যালস। এরমধ্যে সাকিব ৮ ম্যাচে খেলে নেন মাত্র ৪ উইকেট। ব্যাট হাতে করেন মাত্র ৪৭ রান। হতাশাতেই সবশেষ আইপিএল কেটেছে এই অলরাউন্ডারের।

তবে মুস্তাফিজ ছিলেন দারুণ সফল। ১৪ ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট। অবশ্য রান একটু বেশিই দিয়েছিলেন। তারপরও এই পেসার উইকেট শিকারে দেখিয়েছেন দক্ষতা।

এদিকে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরি ২ কোটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আরও আছেন ডেভিড ওয়ার্নার, আদিল রশিদ, জেসন রয়, অ্যাডাম জ্যাম্পা, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কু্ইন্টন ডি কক, ফাফ দু প্লেসি, কাগিসো রাবাদা, ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, জশ হেইজেলউড ও এভিন লুইস।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরির সবাই ভারতীয়। তারা হলেন, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চেহেল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক, উমেশ যাদব ও মোহাম্মদ শামি।

২০২২ আসরের নিলামের জন্য নিবন্ধন করেছেন মোট ১ হাজার ২১৪ জন খেলোয়াড়। ৮৯৬ জন ভারতীয়র সঙ্গে রয়েছেন ৩১৮ জন বিদেশি। এদের মধ্যে রয়েছে ২৭০ জন নতুন খেলোয়াড় ও ৪১ জন অ্যাসোসিয়েট দেশের খেলোয়াড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *