অন্য দেশ থেকে ভারতে ঢুকলেই কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক- মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলায় বিদেশ থেকে ভারতে আসা সব যাত্রীর হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সরকার।

শুক্রবার (৭ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় জানানো হয়েছে, যে কোনো দেশ থেকে ভারতে এলেই বাধ্যতামূলকভাবে ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমনকি বিমানবন্দরে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখালেও ৭ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।

আগামী মঙ্গলবার (১১ জানুয়ারি) থেকে দেশটিতে নতুন এ বিধিনিষেধ কার্যকর হবে বলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই নির্দেশিকায় জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বিশ্বজুড়ে ওমিক্রনের সংক্রমণের বাড়বাড়ন্তের কারণেই এ পদক্ষেপ। এক্ষেত্রে আগের মতোই ওমিক্রনের জন্য ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় থাকা দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের সবাইকে বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষার জন্য নমুনা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্তমান নির্দেশিকা অনুযায়ী, ওমিক্রন সংক্রমণের নিরিখে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশগুলি থেকে আসা যাত্রীদের রিপোর্ট নেগেটিভ এলেও তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কিন্তু ঝুঁকির বাইরের দেশগুলি থেকে বিমানে আসা যাত্রীদের নেগেটিভ রিপোর্ট এলে বিধিনিষেধ ছাড়াই চলফেরার অনুমতি মিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *