Home জাতীয় খালেদার কিছু হলে প্রত্যকের বিচার করা হবে: মির্জা ফখরুল

খালেদার কিছু হলে প্রত্যকের বিচার করা হবে: মির্জা ফখরুল

0
194

নজর২৪, ঢাকা- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। জেনেশুনে পরিকল্পিতভাবে তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। তারা খালেদা জিয়াকে হত্যা করতে চায়।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে এ মানববন্ধন আয়োজিত হয়।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এ নেতা বলেন, আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, চিকিৎসার অভাবে খালেদা জিয়ার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনাদের প্রত্যেককেই হত্যার আসামি করে বিচার করা হবে। আইনের কথা বলে তারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। কোনো আইন মানুষের চেয়ে বড় নয়।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আজকের এই দিনটি আমরা স্মরণ করতে চাই, মনে করতে চাই এবং পালন করতে চাই। কেন? কারণ এই দিনে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে সম্পূর্ণভাবে বিরাজনীতিকরণের জন্য এবং বাংলাদেশকে পুরোপুরিভাবে গণতান্ত্রিক তালিকা থেকে বাদ দেওয়ার জন্য একটি পাতানো ও প্রহসনের নির্বাচন করা হয়েছিল।

ফখরুল আরও বলেন, আপনাদের মনে থাকার কথা, ২০১৪ সালের এই নির্বাচন বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল বর্জন করেছিল। এই নির্বাচন যে শুধুমাত্র একটি দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য পাতানো ভোট হচ্ছে, সে জন্য ওই দিন ভোটাররাও কেন্দ্রে উপস্থিত হয়নি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here