অবশেষে সিলিন্ডার প্রতি এলপিজির দাম কমলো ৫০ টাকা

নজর২৪, ঢাকা- এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় দেশেও আবার দাম কমানো হলো।

 

সোমবার (৩ জানুয়ারি) সোমবার অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়। এসময় সংবাদ সম্মেলনে কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব আবু সায়িদ, সদস্য মকবুল ই ইলাহিসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

চলতি জানুয়ারি মাসের জন্য বেসরকারি পর্যায়ে মূসকসহ প্রতি কেজি এলপিজি ১০২ টাকা ৩২ পয়সা থেকে কমিয়ে ৯৮ টাকা ১৭ পয়সা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২২৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা করা হয়েছে। সেই হিসাবে সিলিন্ডার প্রতি কমলো ৫০ টাকা। আজ ৩ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হবে।

 

এর আগে ডিসেম্বর মাসের জন্য বেসরকারি পর্যায়ে মূসকসহ প্রতি কেজি এলপিজি ১০৯ টাকা ৪২ পয়সা থেকে কমিয়ে ১০২ টাকা ৩২ পয়সা করা হয়। এতে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩১৩ টাকা থেকে কমে হয় ১ হাজার ২২৮ টাকা।

 

সংশ্লিষ্টরা জানান, জানুয়ারিতে সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমেছে। একই সঙ্গে কমেছে পরিবহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দাম।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড) এলপিজির দাম প্রতি কেজি ৯৯ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ৯৪ টাকা ৯৪ পয়সা করা হয়েছে।

 

বিইআরসির ঘোষণা অনুসারে, জানুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দাম হবে প্রতি লিটার ৫৪ টাকা ৯৪ পয়সা। যা ডিসেম্বর মাসে ছিল ৫৭ টাকা ২৪ পয়সা। এতে লিটারে কমেছে প্রায় ২ টাকা ৩০ পয়সা।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি সিপি অনুসারে জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে প্রতি টন ৭৯৫ ডলার থেকে কমে ৭৪০ ডলার এবং ৭৫০ ডলার থেকে কমে ৭১০ ডলারে নেমেছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ ধরে জানুয়ারি মাসের এলপিজির মূল্য নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *