নজর২৪, সিরাজগঞ্জ- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এতে চারজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজের কাছে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাসটি রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে এটি খাদে পড়ে যায়। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ চারজন মারা যায়। আহত হয় অন্তত আরও ২০ জন।
