Home জাতীয় ১২দিন পর হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের

১২দিন পর হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের

0
398

নজর২৪, ঢাকা- টানা ১২দিন চিকিৎসা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ছাড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দৈনন্দিন কাজে যোগ দিতে হাসপাতাল থেকে সরাসরি উঠেছেন সচিবালয়ে।

 

রোববার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় ক্ষমতাসীন দলের এই নেতাকে ছাড়পত্র দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কাদেরের চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান।

 

তিনি বলেন, ‘আমরা আজকে একটা মেডিক্যাল বৈঠক করি। বৈঠকে তার স্বাস্থ্যের যত রিপোর্ট ছিল সেগুলো দেখে সবকিছু ভালো হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। সকাল ৯টা ৪৫ মিনিটে তিনি হাসপাতাল ছাড়েন।’

 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, সেতুমন্ত্রী রোববার সকাল ১০টায় হাসপাতাল থেকে ফিরে মন্ত্রণালয়ে কাজে যোগ দিয়েছেন। সেখান থেকে তিনি ভার্চুয়ালি দিনের নির্দিষ্ট কর্মসূচিতে অংশ নেবেন।

 

গত ১৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। তিনি হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে ৩১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে ভর্তির পর বিএসএমএমইউয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান বলেছিলেন, ওবায়দুল কাদের আগে থেকেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন। এখন ফুসফুসে পানি জমায় শ্বাসকষ্ট ও কাশি হচ্ছে তার।

 

ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড। এর নেতৃত্বে দেন বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে ছিলেন- প্রো-ভিসি একেএম মোশাররফ হোসেন, আবু নাছের রিজভী, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আরাফাত ও জাহিদ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here