এরা থাকলে ছাত্র-শিক্ষক-প্রবাসী কেউ রেহায় পাবে না: নুর

নজর২৪, ঢাকা- দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয় জানিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর।

 

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি ও বিমানের টিকিট মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত সমাবেশে তিনি এ দাবি জানান।

 

নুর বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের যে বিধি ব্যবস্থা ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। এরা যতদিন থাকবে ততদিন ছাত্র-শিক্ষক-প্রবাসী কেউ রেহায় পাবে না।’

 

তিনি বলেন, ‘এরা সমস্ত পথ বন্ধ করে দিয়েছে। এরা জোর করে ক্ষমতায় আছে। কাজেই আমরা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই তাহলে রাজপথে রক্ত দেওয়ার জন্য নামতে হবে। সুশাসন ছাড়া এই নৈরাজ্য বন্ধ হবে না। আর গণতন্ত্র না থাকলে সুশাসন আসবে না।’

 

গণ-অধিকার পরিষদের সদস্য সচিব বলেন, ‌‘সরকারি হাসপাতালগুলোতে সেবা পেতে হলে মানুষকে পথে পথে ভোগান্তির স্বীকার হতে হয়। এর থেকে কি কোনও উত্তরণ ঘটছে? দীর্ঘদিন ধরে একই চিত্র আমরা দেখে আসছি। তাই আমাদের কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। যে যেখানে অন্যায় দেখবেন সেখান থেকেই প্রতিবাদ করতে হবে।’

 

মানববন্ধন থেকে নুর বিমানবন্দরে অব্যবস্থাপনা বন্ধ এবং বিমানে টিকের মূল্য বিবেচনা করার জন্য এক সাপ্তাহ সময় বেঁধে দেন। অন্যথায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *