নজর২৪ ডেস্ক- সরকারদলীয় প্রার্থী হয়েও কোণঠাসা অবস্থায় আছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেন, ‘২০১৬ সালের নির্বাচনেও আমি দেখেছি তখন সাখাওয়াত ভাই (বিএনপির প্রার্থী) সুবিধা পেয়েছিলেন। এবারও আমার চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন তৈমূর আলম খন্দকার কাকা। আমি তাকে অনুরোধ করবো কারো প্ররোচনায় প্রভাবিত না হয়ে ভোট চান। দুইজন যে যার মতো ভোট চাইবো, জনতা যাকে নির্বাচিত করে।’
বুধবার (২২ ডিসেম্বর) রাতে শহরের দেওভোগে চুনকা কুঠিরে খেলাঘর আসরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে আইভী এসব কথা বলেন।
সাবেক মেয়র আইভী বলেন, ‘আমাকে সবস্তরের মানুষ পছন্দ করে। এ শহরের মানুষ আমার দ্বারা কখনও নির্যাতিত হবে না। শহরে কেউ খু ন করবে, চাঁদাবাজি করবে আর আমি চুপ করে বসে থাকবো—এমনটা আমি না।’
তিনি আরো বলেন, নির্বাচন ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র ও গুজব ছড়ানো হচ্ছে। শহরবাসী জানে কারা এসব করছেন। আমাদের এ ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
মেয়র থাকাকালীন নগরবাসীর ট্যাক্স বাড়ানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই অভিযোগ করেন আমি ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। এটা সঠিক নয়। বরং আমি ট্যাক্স কমিয়ে দিয়েছি। আর যে টাকা ট্যাক্স আসে তাই দিয়ে আমি নগর ভবন করেছি। যাতে নারায়ণগঞ্জবাসী বলতে পারে এটা আমাদের টাকায় করা। অনেক ষড়যন্ত্রের পরেও প্রধানমন্ত্রী আমাকে অনেক দিয়েছেন। ষড়যন্ত্র না হলে এতদিনে শীতলক্ষ্যা সেতুর ভিত্তিপ্রস্তর হয়ে যেত। এক সময়ে অনেকেই আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতো। কিন্তু এগুলো টিকেনি। কারণ আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না।
