স্পোর্টস আপডেট ডেস্ক- বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের সঙ্গে দেখা করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কার্যালয়ে যান তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সম্মতিপত্র (এলওআই) পাওয়া পিপলস ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান আবুল কাশেম। ঘণ্টাখানেক তারা কেন্দ্রীয় ব্যাংকে অবস্থান করেন।
গত কয়েক দিন ধরেই গণমাধ্যমে খবর বেরিয়েছে, ক্রিকেটের মাঠের মতোই দেশের করপোরেট জগতে অবস্থান শক্তিশালী করেছেন সাকিব আল হাসান। ব্রোকারেজ হাউজ ও স্বর্ণ আমদানি প্রতিষ্ঠানের লাইসেন্সের পর এবার দেশের ব্যাংক খাতে যুক্ত হচ্ছেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স প্রাপ্তির অপেক্ষায় থাকা পিপলস ব্যাংকের দুটি উদ্যোক্তা পরিচালক পদের মালিকানা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়ের হাতে। সাকিব আল হাসানের পাশাপাশি তার মা শিরিন আক্তারও ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক হচ্ছেন। এ-সংক্রান্ত নথিপত্র বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে পিপলস ব্যাংক কর্তৃপক্ষ।
ধারণা করা হচ্ছে, এ বিষয়ে কথা বলতেই হয়তো সাকিব গভর্নরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
পিপলস ব্যাংকের অনাপত্তির আবেদন বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় রয়েছে।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে পিপলস, বেঙ্গল কমার্শিয়াল ও সিটিজেন ব্যাংককে এলওআই দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। বাকি দুটি লাইসেন্স পেলেও পিপলস ব্যাংকের ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ব্যাংক।
