পাবলিক আমাদের আ.লীগের দালাল বলে: সংসদে জাপার চুন্নু

নজর২৪, ঢাকা- জাতীয় সংসদে বিভিন্ন ইস্যুতে সরকারের প্রশংসা করে থাকেন বিরোধী দল জাতীয় পার্টির সাংসদেরা। এ কারণে দেশের জনগণ তাঁদের ক্ষমতাসীন দলের দালাল বলে বলে উল্লেখ করেছেন দলটির মহাসচিব ও সাংসদ মুজিবুল হক চুন্নু। জাপা সেই তকমা মুছতে চায় বলেও সংসদে জানান তিনি।

 

আজ শনিবার জাতীয় সংসদে ‘মহাসড়ক বিল-২০২১ ’-এর সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব এ কথা বলেন মুজিবুল হক।

 

এর আগে বিলটির জনমত যাচাইয়ের বক্তৃতায় সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে আমরা যত কথা বলি, তত কাজ করি না। যা বিশ্বাস করি, তা পালন করি না। যা পালন করি, তা বিশ্বাস করি না। সমালোচনার জন্য অনেক সময় আমরা শুধু সমালোচনার ঝড় বইয়ে দিই। প্রশংসার বিষয়গুলোকে আমরা নিদারুণভাবে উপেক্ষা করে যাই। সরকার ক্ষমতায় আছে বলে বিরোধী দল কি শুধু সমালোচনাই করবে। সরকারের কি কোনো ভালো কাজ নেই? যখন বক্তব্য দেন তখন কি সেই কাজগুলোর প্রশংসা কেউ করেন?’

 

পরে সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নেন মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘সড়ক পরিবহনমন্ত্রী দুঃখ করে বলেছেন, আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করি না। কথাটি সঠিক নয়। সংসদে দেখবেন। আমার এলাকার যে অল ওয়েদার রাস্তাসহ তিনি যেটি করেছেন, তার কথা অনেকবার বলেছি। শুধু বলেছি না, আমাদের সংসদ সদস্যরা সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে। পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে। আর কত বলব। আর কত বলব বলেন!’

 

চুন্নু বলেন, ‘আমরা এখন দালালি নামটা মুছতে চাই। তারপরও যদি আপনাদের মন না ভরে, তাহলে আর তো কিছু করার নাই।’

 

এদিকে ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বিএনপির সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমিন ফারহানা বলেন, সরকার রূপসী বালিকার মতো শুধু প্রশংসা শুনতে চায়। তারা ভুলে যায় ৬ লাখ কোটি টাকার বাজেট হয়েছে কাজ করার জন্য। এই কাজের জন্য প্রশংসার দরকার নেই।

 

স্বতন্ত্র সাংসদ রেজাউল করিম বলেন, প্রশংসার কারণে এই সংসদে বিরোধী দলকে চেনাই যাচ্ছে না।

 

এর আগে জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়ে মুজিবুল হক বলেন, এই সরকার অনেক কাজ করেছে। কিন্তু ৭-৮ বছর ধরে টঙ্গী-গাজীপুর সড়কে ভয়াবহ অবস্থা। এখানে যাওয়া যায় না। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। ইহজগতে এই রাস্তা হয়ে আর যাওয়া যাবে কি না, তা তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে জানতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *