খালেদা জিয়াকে পুনরায় কারাগারে পাঠানোর বিষয়ে ভাবা হচ্ছে: তথ্যমন্ত্রী

নজর২৪ ডেস্ক- আদালতে দণ্ডপ্রাপ্ত বিএনপি নেত্রীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা অনুধাবনে বিএনপি ব্যর্থ হয়েছে এবং এ কারণে খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো হবে কিনা সেটি ভেবে দেখা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে একদিনের কক্সবাজার সফরে সেখানে বিমানবন্দরে পৌঁছলে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন।

 

ড. হাছান বলেন, বেগম খালেদা জিয়া একজন শাস্তিপ্রাপ্ত আসামী। তিনি আদালতে জামিন পাননি। তার সাজা মওকুফ হয়নি। তারপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনে প্রদত্ত প্রশাসনিক ক্ষমতাবলে তাকে কারাগারের বাইরে পরিবার-পরিজনের সাথে থাকার সুযোগ করে দিয়েছেন।

 

কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বৃহস্পতিবার যে ভাষায় কথা বলেছেন, তাতে আমাদের মনে হচ্ছে, বেগম জিয়ার জন্য প্রধানমন্ত্রী যে মহানুভবতা প্রদর্শন করেছেন, সেটি তারা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। এখন প্রধানমন্ত্রী তার আদেশ পুণর্বিবেচনা করার মাধ্যমে তাকে আবার কারাগারে পাঠানো হবে কি না তা আমাদের ভাবতে হবে।

 

‘খালেদা জিয়া প্রতিহিংসাপরায়ণ’ উল্লেখ করে ড. হাছান বলেন, প্রতিহিংসার বশেই তিনি তার জন্মের তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট কেক কাটেন, তার আমলে তার পুত্রের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে হ ত্যার উদ্দেশ্যে গ্রে নে ড হামলা পরিচালনা করা হয়। প্রতিহিংসার বশেই তার পুত্রের মৃত্যুতে শোক জানাতে তার বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও তিনি সৌজন্য করেও দরজা খোলেননি। এমন এক প্রতিহিংসাপরায়ণ মানুষের প্রতি প্রধানমন্ত্রী যে সহমর্মিতা দেখিয়েছেন, তা বিএনপি বুঝতে ব্যর্থ হয়েছে। তাই আমাদের ভাবতে হবে বেগম জিয়াকে আবার কারাগারে পাঠানো হবে কি না।

 

মন্ত্রী শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। সন্ধ্যায় তিনি কক্সবাজারের ইনানীর একটি অভিজাত হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত ১০ বিশেষ তরুণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *