পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

নজর২৪, ঢাকা- সরকারের অনুমতি না নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের পতাকা উত্তোলনের অভিযোগে দেশটির ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর ছিদ্দিকের আদালতে মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে এ মামলার আবেদন করেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আবেদনটি খারিজ করে দেন।

 

মুক্তিযোদ্ধা মঞ্চের করা ওই মামলার আসামি করা হয়- পাকিস্তান দলের হেড কোচ সাকলাইন মুশতাক, অধিনায়ক বাবর আজম, মনসুর রানা, শাদাব খান, ফখর জামান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতেকার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহনেওয়াজ দাহানি, ওসমান কাদির ও শহীদ আসলামকে।

 

মামলার অভিযোগ লেখা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আতিথেয়তার সুযোগে স্বাগতিক দেশে এসে প্রথম দিনই পাকিস্তান ক্রিকেট দল বিধিবিধান ও আইন লঙ্ঘন করে নিজ দেশের জাতীয় পতাকা উত্তোলন ও উড়িয়ে বাংলাদেশের প্রচলিত আইন ভঙ্গ করেছে। এতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে খাটো করার চেষ্টা করা হয়েছে।

 

এজাহারে বাদী আল মামুন উল্লেখ করেন, পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে মামলা করতে প্রথমে শাহবাগ ও মিরপুর মডেল থানায় যান তারা। থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দিলে তিনি আদালতে মামলার আবেদন করেন।

 

আসামিরা বিদেশি নাগরিক। যেকোনো সময় বাংলাদেশ ছাড়ার সম্ভাবনা রয়েছে। তাই মামলার অভিযোগ আমলে গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আল মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *