নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সংসদের সামনে মানববন্ধন করবে দলীয় এমপিরা। আজ রোববার বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া এভিনিউতে এ মানববন্ধন করবেন তারা।
শনিবার (২০ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী সোমবার দেশব্যাপী সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার (২০ নভেম্বর) বিকেলে দিনব্যাপী গণঅনশন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকার কর্মসূচি ও দেশের মহানগরগুলোতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি না হলে পরবর্তী সময় আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গত ১৩ নভেম্বর খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কথা জানিয়ে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরের দিন ১৪ নভেম্বর ভোর থেকে তাকে ওই হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
পরে বিএনপির পক্ষ থেকে খালেদাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে সরকারের কাছে আবারও আবেদন জানানো হয়।
তখন দলটির পক্ষ থেকে দাবি করা হয়, বিএনপি চেয়ারপারসন ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য মানবিক দিক বিবেচনা করে হলেও বিদেশ নেয়ার অনুমতি দিতে সরকারপ্রধানের কাছে আহ্বান জানায় বিএনপি।
