নজর২৪, ঢাকা- ‘আমি নেত্রীর (আওয়ামী লীগ সভানেত্রী) কাছে যাওয়ার চেষ্টা করবো। রিভিউ করবো। উনাকে ভুল বুঝানো হয়েছে। আমার বক্তব্য নিয়ে মিথ্যাচার করা হয়েছে। ভুল আর অপরাধ তো এক নয়।’
গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ এবং আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে বহিস্কারের পর শনিবার (২০ নভেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম সরকার এসব কথা বলেন।
মেয়র জাহাঙ্গীর বলেন, ‘আমার যে আদর্শ; বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এ তিনের বাইরে যাওয়ার সুযোগ নেই। মানুষের জীবনে ভুল থাকতে পারে, ভুল হতে পারে। আমার কিছু কথা কেটে কেটে মিথ্যাচারসহ উপস্থাপন করা হয়েছে। আমি নেত্রীর কাছে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করবো।’
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের নিয়ে একটি মন্তব্যের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র জাহাঙ্গীর আলম সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে জাহাঙ্গীরের বহিষ্কারের তথ্য জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।’
২২ সেপ্টেম্বর ৪ মিনিটের রেকর্ডটি ফাঁস হওয়ার পর যখন স্থানীয় আওয়ামী লীগ ক্ষুব্ধ হয়ে ওঠে, সে সময় মেয়র দাবি করতে থাকেন, এসব বানোয়াট, এর কোনো ভিত্তি নেই। যারা এসব করেছে, তাদের বিরুদ্ধে মামলা করবেন।
কিন্তু তিন দিন পরে ৫০ মিনিটের পূর্ণাঙ্গ রেকর্ডটি যখন ফেসবুকে ছড়িয়ে পড়ে, তখন মেয়র মামলা করার প্রসঙ্গে আর এগোননি। তখন তিনি বলেন, কারা এসব করেছে, তাদের নাগালই পাচ্ছেন না।
এর মধ্যে ৩ অক্টোবর আওয়ামী লীগ যখন জাহাঙ্গীরকে ১৫ দিনের মধ্যে বক্তব্যের ব্যাখ্যা দাবি করে, তখনই বোঝা যাচ্ছিল তার দল বিষয়টি ভালোভাবে নেয়নি।
জাহাঙ্গীর যদিও বিষয়টিকে বানোয়াট, এডিট করা বলে লিখিত ব্যাখ্যা দেন, তা বিশ্বাস করেনি আওয়ামী লীগ। সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী সংসদের সভায় কঠোর ব্যবস্থাই নেয়া হলো মেয়রের বিরুদ্ধে।
সিদ্ধান্ত গণমাধ্যমে আসার সঙ্গে সঙ্গেই দুই মাস ধরে জাহাঙ্গীরের শাস্তির দাবি জানিয়ে আসা নেতা-কর্মীরা মেতে ওঠেন উল্লাসে।
জানা গেছে, মেয়র জাহাঙ্গীরের বহিষ্কারের খবর আসার সঙ্গে সঙ্গেই মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আফজাল হোসেন কল্লোলের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলে নেতাকর্মীরা জাহাঙ্গীর বিরোধী নানা ধরনের স্লোগান দেন। মিছিলটি চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।
অপরদিকে টঙ্গী থানা আওয়ামী লীগের কার্যালয়ে আতশবাজি ফুটিয়ে নেতাকর্মীরা উল্লাস করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
