আ’লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন মায়া, কামরুল, লিটন

নজর২৪, ঢাকা- ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতিনির্ধারণী সর্বোচ্চ পর্ষদ সভাপতিমণ্ডলীতে স্থান পেয়েছেন তিন নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

 

গণভবনে শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলটির সভাপতি শেখ হাসিনা তিন নেতাকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন। এ সময় উপস্থিত একাধিক নেতাসূত্রে এই তথ্য জানা যায়।

 

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলী।

 

২০১৯ সালের জাতীয় সম্মেলনের পর ঘোষিত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ১৭ জন। তারা হলেন, সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, প্রয়াত মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক।

 

২০২০ সালের ১৩ জুন মারা যান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। ওই বছরের ১০ জুলাই মারা যান দলটির সভাপতিমণ্ডলীর অপর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। চলতি বছরের ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা যান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এতে শূন্য হয় সভাপতিমণ্ডলীর তিনটি পদ। এসব পদেই দায়িত্ব পেলেন মায়া, কামরুল ও লিটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *