মাদারীপুরে ভোটকেন্দ্রে বোমা-ককটেল বিস্ফোরণ, পুলিশের ফাঁকা গুলি

news n2

নজর২৪, মাদারীপুর- মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় হাতবোমা ও ককটেল বিস্ফোরণ হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে আইনশৃঙ্খলার বাহিনী।

 

ইউনিয়নের ৩ নং ওর্য়াডের আন্ডারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুল আহসান সেলিম ও স্বতন্ত্র প্রার্থী মাহাবুর রহমান মুরাদ সরদারের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন শতাধিক বোমা বিস্ফোরণ করে ভোটারদের ছত্রভঙ্গ করে দেয়।

 

পরে পুলিশ ও স্ট্রাইকিং র্ফোস, র‌্যাব ও বিজিবির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সকাল ১০টা থেকে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অন্তত ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক আনতে অন্তত ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। জেলা পুলিশ ছাড়াও র‌্যাব, বিজিবি সদস্যদের সহযোগিতায় প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রের ভেতরে কাউকে আসতে দেয়া হয়নি। বাহিরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’

 

জানা যায়, প্রায় আধাঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে দেশের ৬৩ জেলার ৮৩৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

 

নির্বাচনে ৪১ হাজার ২শ’ ১৭ প্রার্থীকে নির্বাচিত করবেন ১ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ভোটার।

 

এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ হাজার ৩১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ হাজার ১৬১ জন এবং সাধারণ সদস্য পদে ২৮ হাজার ৭৪৭ জন প্রার্থী রয়েছেন। এই তিন পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ হাজার ২১৮ জন প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *