নজর২৪, ঢাকা- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার সকল ক্ষেত্রেই ব্যর্থ। এজন্য সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করার বিকল্প নেই। রোববার (৭ নভেম্বর) ‘বিপ্লব ও সংহতি দিবসে’ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা।
পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দিনে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করাই আমাদের শপথ।
মির্জা ফখরুল বলেন, যেভাবে আমরা একাত্তরের একটি চেতনা ও আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেভাবেই ৭ নভেম্বর আমাদের সিপাহী জনতা সংহতি প্রকাশ করেছিল। এরপরই দেশে গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছিল। দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল।
দেশের স্বাধীনতার ৫০ বছরে এসে স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠানকে নির্মমভাবে ধ্বংস করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আজ দেশে মানুষের বাক স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই ও গণতন্ত্র নেই। দেশে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকার।
খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য ও দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য লড়াই-সংগ্রাম করেছেন উল্লেখ করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আজ তাকে (খালেদা জিয়া) মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়েছে। দলের সাধারণ নেতাকর্মীদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়েছে সরকার।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, আমিনুল হক, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।





