Home জাতীয় জাতির পিতা যা বলেছেন তাই আমাদের জন্য আইন: তথ্য প্রতিমন্ত্রী

জাতির পিতা যা বলেছেন তাই আমাদের জন্য আইন: তথ্য প্রতিমন্ত্রী

0
102

নজর২৪ ডেস্ক- জাতির পিতা আমাদের জন্য যা যা বলেছেন তাই আমাদের জন্য আইন এবং জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের যা যা করতে বলবেন তাই আমাদের জন্য আইন ও অবশ্য পালনীয় বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

 

মঙ্গলবার (২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২টায় বাংলাদেশ হাইকমিশন ওয়াশিংটন ডি.সি. কর্তৃক আয়াজিত ‘ইমপর্টেন্ট অব পাবলিক ডিপ্লোমেসি’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

 

এসময় তিনি আরও বলেন, আমাদের কণ্ঠ দিয়ে বঙ্গবন্ধু’র কথা উচ্চারণ করতে হবে, এটাই আমাদের দায়িত্ব। আমাদের কণ্ঠ যেন মাননীয় প্রধানমন্ত্রী’র কথা ও চিন্তার বহিঃপ্রকাশ হয়। বঙ্গবন্ধু ও তার সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত কোনও সিদ্ধান্ত বা নির্দেশ বিষয়ে আমাদের মনে যেন কোনও প্রশ্ন না থাকে। কারণ, উনি আমাদের চেয়ে সব বিষয়ে বেশি জানেন এবং বেশি ভেবেই সিদ্ধান্ত দেন, নির্দেশনা দেন।

 

মতবিনিময় সভায় উপস্থিত হাইকমিশনের কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, দুর্নীতি বিষয়ে আমাদের সব সময় সজাগ থাকতে হবে। বিশেষ করে মানি লন্ডারিং বিষয়ে। কোনভাবেই মানি লন্ডারিং বা টাকা পাচার হতে দেওয়া যাবে না। মানি লন্ডারিং এর ইতিহাস বলতে গিয়ে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার দুই পুত্রের কথা উল্লেখ করেন।

 

অতি সাম্প্রতিক বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও ঘৃণিত সাম্প্রদায়িক হামলার বিষয়ে তিনি বলেন, এটি আমাদের জন্য খুব লজ্জার একটা বিষয়। ‘৭১ এ পরাজিত শক্তির বংশধরেরা এখনও সক্রিয়, তাদের ষড়যন্ত্র এখনও চলমান। এই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এই হামলা ও অগ্নিসংযোগ পরিচালিত হয়েছে। যা কোন মতেই কাম্য নয়।

 

বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে দূতাবাসের কর্মকর্তাদের বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

 

মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। রাষ্ট্রদূত শহীদুল ইসলাম তার স্বাগত বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের অভ্যুদয়ে জনকূটনীতির ভূমিকার কথা স্মরণ করেন।

 

তিনি বলেন, বিভিন্ন স্তরে গৃহীত জন কূটনীতি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাষ্ট্রদূত বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা মোকাবিলায় দূতাবাসের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়েও প্রতিমন্ত্রীকে জানান।

 

প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here