নজর২৪, ঢাকা- সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে, ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারা দেশে চারটি পণ্য বিক্রি শুরু করেছে।
বুধবার (৩ নভেম্বর) টিসিবি সূত্রে জানা গেছে, গত মাসের চেয়ে এমাসে (নভেম্বর) তেল ও ডালের দাম বাড়িয়ে পণ্য বিক্রি শুরু করছে রাষ্ট্রায়ত্ত এ সংস্থাটি।
টিসিবি সূত্র জানায়, আজ (বুধবার) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীসহ সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি করছে টিসিবি।
টিসিবির ট্রাকসেলে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা দরে আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এর আগে ডাল কেজি প্রতি ৫৫ ও তেল ১০০ টাকা লিটার দরে বিক্রি করতো টিসিবি।
এ বিষয়ে টিসিবির মুখপাত্র বলেন, খুচরা বাজারের তুলনায় টিসিবির তেল ও ডালের দাম অনেক কম। বাজারের তুলনায় টিসিবির পণ্যে দাম কম থাকলে কালোবাজারির আশঙ্কা থাকে। এ কারণে দাম কিছুটা বাড়িয়ে সমন্বয় করা হয়েছে।
টিসিবি জানিয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মহানগর, জেলা ও উপজেলায় ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই বিক্রি কার্যক্রম চলবে। এই বিক্রি কার্যক্রম চলবে প্রতি শুক্রবার ছাড়া আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
