শেখ হাসিনা সরকার চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন : কাদের

নজর২৪, ঢাকা- ক্ষমতাসীন সরকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

তিনি বলেছেন, ‘শেখ হাসিনা সরকার কখনো খালি মাঠে গোল দিতে চায় না, সরকার চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন।’

 

এ সময় আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে অভ্যস্ত নয় বলেও মন্তব্য করেন তিনি।

 

আজ বৃহস্পতিবার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপিই জন্মলগ্ন থেকে এ চর্চা করে আসছে।

 

কাদের বলেন, বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা। দলটি কর্মসূচির নামে কোনরূপ সন্ত্রাস ও জনভোগান্তি সৃষ্টি করলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করবে।

 

তিনি বলেন, সভা-সমাবেশ সকলের সাংবিধানিক অধিকার। কিন্তু সমাবেশের অনুমতি না দিলে বিএনপি বলতো, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, আর অনুমতি দিলে হামলা, সন্ত্রাস সৃষ্টি করে জনগণের সম্পদ বিনষ্ট করে।

 

১৫ ফেব্রুয়ারির খালি মাঠে নির্বাচনে কথা বিএনপি ভুলে গেলেও জনগণ এখনো ভোলেনি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

তিনি আরও বলেন, বিএনপি নেতারা তাদের ব্যর্থতা আড়াল করতে ও কর্মী সমর্থকদের রোষানল থেকে বাঁচার জন্য এসব বক্তব্য দিচ্ছেন।

 

এ সময় নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে নয়, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *