আন্তর্জাতিক ডেস্ক- বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে ফের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার আসানসোল থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশের ঘটনার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে হাসিনা সরকারকে। নইলে ফরাক্কার জল থেকে পেট্রাপোল বন্ধ করে দেওয়া হবে।
এদিন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করে বিজেপি। আসানসোলের বিএনআর মোড় থেকে এই মিছিল শুরু হয়ে ভগৎ সিং মোড়ে শেষ হয়। সেই মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন জিতেন্দ্র তেওয়ারি সহ অন্যান্য বিজেপি নেতা।
মিছিল শেষে বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, অবিলম্বে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
তাঁর কথায়, হিন্দুরা নির্মম অ ত্যাচারের শিকার হচ্ছে। আর সরকার কার্যত নির্বিকার। এই অবস্থা চললে ভারত ব্যবস্থা নেবে। বাংলাদেশে ভারতীয় বাণিজ্য বন্ধ করা হবে। বাংলাদেশের কোনো পণ্য ঢুকতে দেয়া হবে না। এছাড়াও ফারাক্কার জল বন্টন বন্ধ করে দেয়া হবে বলেও তিনি বলেন।
বাংলাদেশের ঘটনা নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের নীরবতা সম্পর্কে শুভেন্দু বলেন, যিনি সব বিষয়ে আগ বাড়িয়ে মন্তব্য করেন তার এই বিষয়ে নীরবতা বিস্ময়কর।
