ফেসবুকে ধর্ম ‘অবমাননার’ অভিযোগে রংপুরে ২০টি হিন্দু বাড়িতে আগুন

নজর২৪, রংপুর- ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বাটের হাট নামক এলাকায় রোববার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

হামলাকারীরা ১৫ থেকে ২০টি বাড়িঘর পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।

 

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পায় তারা। এরপর পীরগঞ্জ থেকে দুটি, মিঠাপুকুর থেকে দুটি ও রংপুর থেকে একটি ইউনিট সেখানে আগুন নেভাতে যায়।

 

রাত ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সেখানেই ছিল বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তা।

 

মধ্যরাতে সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, “ফেইসবুকে ওই গ্রামের এক হিন্দু তরুণ ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট দিয়েছেন এমন অভিযোগ তুলে গ্রামের মধ্যে উত্তেজনা ছড়ানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের বসতবাড়ির আশপাশে অবস্থান নেয়।

 

শেষ পর্যন্ত সেই বাড়িটি রক্ষা করা গেলেও হামলাকারীরা দূর থেকে কিছু বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে গোটা বিশেক ঘর পুড়ে যেতে পারে বলে জানান তিনি।

 

ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র‍্যাবের কর্মকর্তারা।

 

গত ১৩ অক্টোবর কুমিল্লার একটি পূজা মণ্ডপে কথিত ‘কোরআন অবমাননা’র ঘটনার পর দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এ ঘটনার পর দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপ, মন্দির, বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *