জি বাংলার পর বাংলাদেশে আবার সম্প্রচার শুরু করেছে স্টার জলসা

নজর২৪, ঢাকা- জি বাংলার এক দিন পর এবার ক্লিন ফিডে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসাও সম্প্রচারে এসেছে। শনিবার (১৬ অক্টোবর) রাত থেকে চ্যানেলটির সম্প্রচার শুরু হয়।

 

এখন স্টার জলসা বিজ্ঞাপনমুক্ত (ক্লিন ফিড) সম্প্রচার করছে, কোনো প্রোমোও দেখাচ্ছে না।

 

রোববার (১৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশনের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ।

 

তিনি বলেন, গতকাল রাত থেকে ক্লিনফিড দিয়ে সম্প্রচার শুরু করেছে স্টার জলসা। এর একদিন আগে জি বাংলা সম্প্রচার শুরু করে। এখন থেকে বাংলাদেশে বিদেশি যে চ্যানেলই সম্প্রচারে আসবে তাদের ক্লিনফিড দিয়েই আসতে হবে।

 

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানায়, স্টার জলসা কর্তৃপক্ষের কাছ থেকে ‘ক্লিন ফিড’ পেয়ে পরিবেশকরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করেছেন। চ্যানেলগুলোতে আগের মতোই সব অনুষ্ঠান সম্প্রচার করা হবে। তবে বিজ্ঞাপন বিরতিতে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।

 

এদিকে নতুন করে চালু হওয়া স্টার জলসার অনুষ্ঠানের মাঝের বিজ্ঞাপন বিরতিতে ‘সম্মানিত গ্রাহক, বিজ্ঞাপন বিধিনিষেধের জন্য বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ রয়েছে। বিজ্ঞাপন বিরতি শেষে অতি শিগগিরই আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ’, এই বার্তাটি দেখা যাচ্ছে।

 

বিদেশি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করতে হলে ‘ক্লিন ফিড’ (মূল ভিডিও) পাঠাতে হবে। অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন প্রচার করে, এমন বিদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করার সুযোগ বাংলাদেশের আইনে নেই। সেই নিয়ম বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে গেলে পরিবেশক ও ক্যাবল অপারেটররা গত ১ অক্টোবর জি বাংলা, স্টার জলসা ও স্টার স্পোর্টসহ প্রায় ৬০টি বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়। অবশেষে বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে ভারতীয় চ্যানেল দুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *