Home প্রধান খবর দুর্নীতির মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজির জামিন

দুর্নীতির মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজির জামিন

0
71

নজর২৪, ঢাকা- করোনা পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে বৃহস্পতিবার (০৭ অক্টোবর) আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আবুল কালাম আজাদ।

 

তার পক্ষে জামিন শুনানি করেন মাসুদ মজুমদার। দুদকের পক্ষে মীর আহম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির দিন ২ নভেম্বর পর্যন্ত আবুল কালামকে জামিন দেয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম।

 

এর আগে গত ৫ অক্টোবর আত্মসমর্পণ করতে আদালতে আসেন আবুল কালাম, কিন্তু বিচারক অন্য মামলায় ব্যস্ত ছিলেন। ফলে ওই দিন আবেদনের ওপর শুনানি হয়নি। আবেদন নিয়ে বিচারক তাকে বৃহস্পতিবার আদালতে হাজির হতে বলেছিলেন।

 

সম্প্রতি আবুল কালাম আজাদসহ ছয় জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।

 

চার্জশিটভুক্ত অন্য পাঁচ আসামি হলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক ডা. মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here