দীর্ঘ ৬ ঘণ্টা পর সচল হলো ফেসবুক-হোয়াটসঅ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম প্রায় ৬ ঘণ্টা স্থগিত থাকার পর সচল হয়েছে। ফেসবুকের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।

 

এর আগে, বাংলাদেশ সময় সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর থেকে হঠাৎ করেই এ সমস্যা দেখা দেয়। এরপর মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে সচল হয় ফেসবুক ও ইনস্টাগ্রাম।

 

ফেসবুক ছাড়াও এর মালিকানাধীন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভারও ডাউন হয়ে যায়। পরে ফেসবুকের টুইটে বলা হয়, ‘আমরা জানতে পেরেছি অনেকেই আমাদের পরিষেবাগুলো ব্যবহার করতে পারছেন না। আমরা যত দ্রুত সম্ভব সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করছি। একই সঙ্গে এই অসুবিধার জন্য ক্ষমা চাইছি।’

 

অনলাইন প্ল্যাটফর্ম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, সোমবার রাত ১০টা পর্যন্ত বিশ্বজুড়ে ফেসবুকে ঢুকতে না পারার সমস্যার কথা জানিয়েছেন প্রায় ১ লাখ ২৬ হাজার ব্যবহারকারী। ইনস্টাগ্রামে ঢুকতে না পারার কথা জানিয়েছেন প্রায় ৫৩ হাজার ব্যবহারকারী। একই সময়ে হোয়াটসঅ্যাপে ঢুকতে না পারার কথা জানিয়েছেন প্রায় ১৯ হাজার ব্যবহারকারী।

 

সোমবার রাত ১০টা ২২ মিনিটে ফেসবুকের টুইটারের অ্যাকাউন্টেও নিজেদের সেবা ব্যবহারে অসুবিধার কথা স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

 

ফেসবুকের টুইটে বলা হয়, ‘আমরা জানতে পেরেছি অনেকেই আমাদের পরিষেবাগুলো ব্যবহার করতে পারছেন না। আমরা যত দ্রুত সম্ভব সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করছি। একই সঙ্গে এই অসুবিধার জন্য ক্ষমা চাইছি।’

 

তবে ঠিক কী কারণে সমস্যা দেখা দিয়েছিল তা এখনো পরিষ্কার নয়। ফেসবুকের পক্ষ থেকেও ত্রুটির কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। তবে কারিগরি বিশেষজ্ঞরা ডিএনএস বা বিজিপি কনফিগারেশনের ত্রুটি হয়েছিল বলে ধারণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *