নজর২৪, ঢাকা- ঢাকাই চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত ফেরত দেওয়ার জন্য আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।
প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ‘যদি পরীমণিকে তার জব্দকৃত আলামত ও মালামাল ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে তদন্তে কোনও বিঘ্ন ঘটবে না।’
সোমবার (২৭ সেপ্টেম্বর) পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী বলেন, ২৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ দুটি জব্দ তালিকার মোট ১৬টি আলামত পরীমণিকে দেওয়ার জন্য প্রতিবেদন দাখিল করেন।
গত ১৫ সেপ্টেম্বর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী পরীমণির ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি, মোবাইল ও ল্যাপটপসহ অন্যান্য জব্দকৃত জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই এবং অন্যান্য জব্দকৃত আলামতের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। পরদিন ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। অভিযানের সময় পরীমণির গাড়িসহ বাসার বিভিন্ন আসবাবপত্র জব্দ করা হয়।
গ্রেফতারের পর ৩ দফায় মোট ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমণিকে। প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট ২ দিন এবং ৩য় দফায় ১৯ আগস্ট ১ দিনের রিমান্ড মঞ্জুর হয় তার।
২৭ দিন কারাভোগের পর গত ৩১ আগস্ট জামিন পান পরীমণি।
