নজর২৪ ডেস্ক- করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়া বাংলাদেশিদের জন্য মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়ার দুয়ার খুলে দেয়ার ঘোষণা এসেছে।
মালয়েশিয়ান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তাৎক্ষণিকভাবে এ আদেশ কার্যকর হবে।
অবশ্য দেশটিতে যেতে কিছু শর্ত মানতে বলা হয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজন হবে মালয়েশিয়ার বৈধ ভিসা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া করোনার টিকা নেয়া ব্যক্তিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন।
পাশাপাশি ইমিগ্রেশনের জন্য প্রয়োজন হবে করোনা নেগেটিভ সনদ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ামানুসারে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের সে দেশে কোয়ারেন্টিনে থাকতে হতে পারে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশি হাজার হাজার শ্রমিক করোনাভাইরাস মহামারিতে দেশে এসেছিলেন। তাদের জন্য বন্ধ হয়ে যায় দেশটিতে প্রবেশ। করোনার টিকা নেয়ার পর এখন যেতে পারবেন বাংলাদেশিরা।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে মহামারি করোনা সংক্রমণে জীবন-জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে জনগণের জীবন-জীবিকার ভারসাম্য প্রতিষ্ঠা করার লক্ষে যা যা করা দরকার মালয়েশিয়া সরকার তাই করছে।
এদিকে, করোনা সংক্রমণরোধে দুই ডোজ টিকা গ্রহণকারী নাগরিকদের রেস্তোরায় বসে খাওয়ার অনুমতি এবং আন্তঃজেলা ও আন্তঃরাজ্য চলাচলে শিথিল করা হয়েছে।
এছাড়া মসজিদে স্থানীয় ও বিদেশিদের নামাজ আদায়সহ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে শারীরিক ব্যায়াম এবং খেলাধুলার অনুমতি দেওয়া হয়েছে।
দেশটিতে সোমবার (২০ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩০২ জন এবং মৃত্যু হয়েছে ৩০১ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ২১ হাজার ৭৩৫ জন। এখন পর্যন্ত মালয়েশিয়ায় করোনায় মারা গেছেন ২৪ হাজার ৪৫ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৮ লাখ ৯৭ হাজার ৫৪৭ জন।





