আন্তর্জাতিক ডেস্ক- পাকিস্তানের সীমান্তে মিত্র হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে সংঘর্ষে তালেবানের শীর্ষ নেতা ও আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপ প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদারের মৃত্যুর খবরটি ছিল স্রেফ গুজব।
গতকাল বুধবার অনলাইনে পোস্ট করা এ সাক্ষাৎকারে তিনি সংগঠনের অভ্যন্তরীণ সংঘাতে তাঁর হতাহত হওয়ার খবর অস্বীকার করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন তালেবানের সহপ্রতিষ্ঠাতা বারাদার। তাঁর এ সাক্ষাৎকার টুইটারে পোস্ট করেছে দোহাভিত্তিক তালেবানের রাজনৈতিক কার্যালয়।
সংগঠনের ভেতরে প্রতিপক্ষের সঙ্গে সংঘাতে হতাহত হওয়ার খবর প্রসঙ্গে সাক্ষাৎকারে বারাদার বলেন, ‘না, এটা সত্য নয়। আমি ঠিক আছি। ভালো আছি।’
বারাদার বলেন, ‘গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে তালেবানের ভেতরে বিরোধ আছে। কিন্তু আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এ-সংক্রান্ত খবর সত্য নয়। এ নিয়ে চিন্তার কিছু নেই।’
বারাদারের সাক্ষাৎকারের যে সংক্ষিপ্ত ভিডিওটি টুইটারে পোস্ট করা হয়েছে, এতে তাঁকে সোফায় বসে থাকতে দেখা যায়। তাঁর পাশেই রয়েছেন সাক্ষাৎকার গ্রহণকারী।
তালেবানের সূত্রের বরাত দিয়ে গতকাল বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছিল, নতুন অন্তর্বর্তী সরকারের পদপদবি নিয়ে বারাদারের সঙ্গে মন্ত্রিসভার সদস্য ও হাক্কানি নেটওয়ার্কের প্রভাবশালী নেতা খলিল উর-রহমান হাক্কানির তুমুল বিবাদ হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বারাদার কাবুল ছেড়ে কান্দাহারে চলে যান।
বারাদারকে নিয়ে এক সপ্তাহ ধরে একটি খবর ছড়িয়ে পড়ে। বলা হচ্ছিল, তালেবানের অভ্যন্তরীণ কোন্দল থেকে সৃষ্ট সংঘাতকালে গুলিতে নিহত হয়েছেন তিনি।
বারাদারের নিহত হওয়ার খবর আগেই নাকচ করে তালেবান। তা ছাড়া এ খবর যে ভিত্তিহীন, তা প্রমাণ করতে আগে বারাদারের একটি অডিও বার্তা প্রকাশ করেছিল তালেবান। এখন প্রকাশ করা হলো তাঁর ভিডিও সাক্ষাৎকার।
