নজর২৪ ডেস্ক- ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পুলিশ। জেলা অনুযায়ী শূন্যপদের বিপরীতে ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও জানা গেছে এবার সব জেলা মিলিয়ে প্রায় ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হচ্ছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের মধ্যে ন্যূনতম এসএসসি পাস করা বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশি যেকোনো নারী ও পুরুষ আবেদন করতে পারবেন। তবে ২০২০ সালের ২৫ মার্চ যারা বয়সসীমার মধ্যে পৌঁছেছেন তারাও এবার সুযোগ পাচ্ছেন আবেদনের। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটা অনুসরণ করা হবে।
শুক্রবার সকাল থেকে ১০টা থেকে চলতি বছরের ৭ অক্টোবর বিকেল ৫টার মধ্যে আবেদন করা যাবে। police.teletalk.com.bd এ লগ ইন করে আবেদন করা যাবে। মাত্র ৩০ টাকা (অফেরতযোগ্য) খরচে এই নিয়োগে আবেদনের সুযোগ মিলছে।
আবেদনের যোগ্যতায় জিপিএ-৫ এরমধ্যে কমপক্ষে ২.৫ থাকতে হবে। হতে হবে বাংলাদেশি। তবে বিবাহিত বা তালাকপ্রাপ্ত কেউ এতে আবেদন করতে পারবেন না।
এবার নিয়োগের ক্ষেত্রে উচ্চতা ও বুকের মাপে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পুরুষদের কনস্টেবল হওয়ার জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি থাকতে হবে। তবে এবার নারীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চির স্থলে ৫ ফুট ৪ ইঞ্চি করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ পুলিশে ২ লাখ ১০ হাজারের মতো ফোর্স রয়েছে। ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধাপে ধাপে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগের নির্দেশনা দেন। তবে করোনার কারণে ২০২০ সালে পুলিশের নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি।
এবার নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাত ধাপে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কোনো ধাপে অকৃতকার্য হলে ওই প্রার্থী আর কনস্টেবল নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না।
নতুন নিয়মের পরীক্ষার ধাপগুলো হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভূক্তকরণ।
