টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ

স্পোর্টস আপডেট ডেস্ক- সব জল্পনা-কল্পনার পর অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ১৫ সদস্যের মূল দলের পাশাপাশি রিজার্ভ হিসেবে আরও দুজন খেলোয়াড়কে নিয়ে ঘোষণা করা হয়েছে বিশ্বকাপ দল।

 

বৃহস্পতিবার দুপুর ১২টার পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।

 

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গঠিত বিশ্বকাপে দলে তেমন কোনও চমক নেই। তামিম ইকবাল আগেই জানিয়েছেন, এই বিশ্বকাপ খেলবেন না তিনি। দলের বাকি সিনিয়র ক্রিকেটার সবাই আছেন এই দলে। রাখা হয়েছে তরুণ রিক্রুট আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদকেও।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে যে ১৮ সদস্যের দল দিয়েছিল বিসিবি। বিশ্বকাপ স্কোয়াডে তাদেরকেই রাখা হয়েছে। ১৮ সদস্যের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত। ১৭ সদস্যের দলের মধ্যে স্ট্যান্ডবাই দুজন হলেন; রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

 

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাউন্ড ওয়ান খেলে সুপার টুয়েলভে অংশ নিতে হবে বাংলাদেশকে। গ্রুপ বি’তে বাংলাদেশের সঙ্গে পড়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। আর গ্রুপ এ’তে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

 

১৭ অক্টোবর প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে এই দুই দল।

 

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মাহেদী হাসান ও নাসুম আহমেদ।

 

রিজার্ভ: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *