বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা

স্পোর্টস আপডেট ডেস্ক- ম্যাচের আধা ঘণ্টাতেই ১০ জনের দলে পরিণত হওয়া ভেনেজুয়েলাকে সহজে হারিয়ে বিশ্বকাপ বাছই টেবিলে তিন পয়েন্ট যোগ করেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার শিরোপা জয়ের পর প্রথমবার মাঠে নেমেছিলেন লিওনেল মেসিরা।

 

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির মুখে হাসি ফোটানো গোল তিনটি লৌতারো মার্টিনেজ, জোয়াকুইন কোরেয়া ও অ্যাঞ্জেল কোরেয়ার। লিওনেল মেসি গোল না পেলেও বরাবরের মতো নিয়ন্ত্রণ করেছেন পুরো ম্যাচ।

 

ভেনেজুয়েলার ঘরের মাঠে জার্সিতে কোপা আমেরিকা চ্যাম্পিয়নের ব্যাজ লাগিয়ে নামে আর্জেন্টিনা। প্রায় পুরোটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩২ মিনিটে স্বাগতিক দলের আদ্রিয়ান মার্তিনেস লাল কার্ড দেখলে এক ঘণ্টার মতো সময় ১০ জন নিয়ে খেলে ভেনেজুয়েলা।

 

ম্যাচের আধা ঘণ্টার সময় লিওনেল মেসিকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আদ্রিয়ান। মেসি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। মেডিক্যাল টিম পর্যবেক্ষণের পর মাঠে ফেরেন আর্জেন্টিনার অধিনায়ক। বাকি সময়ে একজন কম নিয়ে মেসিদের সঙ্গে পেরে ওঠেনি ভেনেজুয়েলা।

 

প্রথমার্ধের শেষ মুহূর্তে সফরকারীদের এগিয়ে দেন লাউতারো মার্তিনেস। ভেনেজুয়েলার বক্সের বাইরে বল পেয়ে যান আনহেল দি মারিয়া। ফাউল হওয়ার আগে জিওভানি লো সেলসোকে পাস করেন তিনি।

 

ডি বক্সের বাইরে থাকা সেলসো ডিফেন্সকে বোকা বানিয়ে বল পৌঁছে দেন বক্সে দাঁড়ানো মার্তিনেসের কাছে। চমৎকার প্লেসিং শটে ব্যবধান ১-০ করে দেন ইন্টার মিলানের এ তারকা ফরোয়ার্ড। ওই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

 

দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা আরও বাড়ায় আর্জেন্টিনা। দলের দ্বিতীয় গোলে অবদান ছিল মেসির। ৭১ মিনিটে তার পাস খুঁজে পায় বক্সে থাকা মার্তিনেসকে। মার্তিনেস নিজে শট না নিয়ে বল ছাড়েন হোয়াকিন কোরেয়ার উদ্দেশে।

 

জোরালো শটে দলের লিড দ্বিগুণ করেন এ ফরোয়ার্ড।

 

এর তিন মিনিট পরই ম্যাচ ভেনেজুয়েলার ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় আর্জেন্টিনা। আবারও বক্সের সামান্য বাইরে বল পান মেসি। আনহেল কোরেয়াকে বল পাস করেন তিনি।

 

কোরেয়া দৌড়ে বক্সে ঢুকে পাস দেন মার্তিনেসকে। মার্তিনেসের শট ভেনেজুয়েলার গোলকিপার ঠেকিয়ে দিলে রিবাউন্ডে গোল করেন কাছে থাকা কোরেয়া। ৭৪ মিনিটে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

 

যখন মনে হচ্ছিল ক্লিন শিট রেখেই ম্যাচ শেষ করবেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস, তখনই ঘটে বিপত্তি। ভিডিও অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ভেনেজুয়েলাকে পেনাল্টি দেন রেফারি। ফাউলের শিকার হন জেফেরসন সোতেলদো।

 

স্পট থেকে ব্যবধান কমান সোতেলদো। দারুণ এক পানেঙ্কা গোল করার পর সোতেলদো ছুটে যান মেসির কাছে। মেসিও মৃদু হেসে প্রশংসা করেন তার গোলের।

 

ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলেনি এই গোল। ৩-১ ব্যবধানের জয় নিয়েই বুয়েনোস আইরেসে ফেরে আর্জেন্টিনা।

 

সোমবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হচ্ছে মেসির দল। আর শুক্রবার বলিভিয়ার বিপক্ষে খেলে তারা শেষ করবে বাছাইয়ের তৃতীয় পর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *