সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

নজর২৪, ঢাকা- বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক (ডিআইজি) পদে চলতি দায়িত্বে থাকা শেখ ওমর ফারুককে।

 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

চিত্রনায়িকা পরীমনি, মৌ ও পিয়াসার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তত্ত্বাবধান করছিলেন শেখ ওমর ফারুক। তিনি সিআইডির ঢাকা মেট্রো উত্তরের দায়িত্বে ছিলেন।

 

শেখ ওমর ফারুক ছাড়াও, খাগড়াছড়ির মহালছড়িতে এপিবিএন –৬ এর অধিনায়ক মো আবদুর রহিমকে আজ অবসরে পাঠানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তবে তাদের কী কারণে অবসর দেয়া হয়েছে তা প্রজ্ঞাপনে জানানো হয়নি।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই দুই কর্মকর্তা বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন। জারির তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *