স্পোর্টস আপডেট ডেস্ক- ফুটবল বিশ্বে রীতিমতো তোলপাড় ফেলে দিয়ে লিওনেল মেসিকে নিজেদের ডেরায় ভিড়িয়েছিল পিএসজি। সেই ১০ আগস্ট থেকেই শুরু এই জল্পনা কল্পনার, কবে মাঠে দেখা যাবে মেসিকে? সেই প্রশ্নের উত্তর মিলতে যাচ্ছে আজ, রেঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টাইন মহাতারকার অভিষেক হতে যাচ্ছে পিএসজির জার্সিতে।
বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় রেঁসের মাঠে নামছেন মেসি। গায়ে থাকবে পিএসজির ৩০ নম্বর। ম্যাচের আগে পিএসজি হেড কোচ মরিসিও পচেত্তিনো জানিয়েছেন স্কোয়াডে রাখা হয়েছে মেসি ও নেইমার দুইজনকেই।
এই প্রথম মেসিকে বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবের জার্সিতে দেখবে পুরো বিশ্ব। চেনাপরিচিত ১০ নম্বরে নয়, ক্যারিয়ার শুরু করেছেন যে নম্বরে সেই ৩০ পরে খেলবেন এই মহাতারকা।
পিএসজি তাকে ১০ নম্বর দিতে চেয়েছিল। তবে সেটি ছেড়ে দিয়েছেন প্রিয় বন্ধু নেইমার জুনিয়রের জন্য। তবে পিএসজি ভক্তদের নিজ মাঠে মেসিকে দেখতে আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। রেঁসের মাঠে নামার পর আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল।
১২ সেপ্টেম্বর নিজ মাঠ পার্ক দে প্রিন্সেসে ক্লেমন ফুতের মুখোমুখি হবে পিএসজি। ওইদিন ঘরের মাঠে মেসিকে ভেলকি দেখতে পারবেন পিএসজি ভক্তরা। তার আগে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার বিপক্ষে খেলবেন মেসি।
