স্পোর্টস আপডেট ডেস্ক- কয়েক ঘন্টার চরম নাটকীয়তার শেষ হলো। কিছুক্ষণ আগে ম্যানচেস্টার ইউনাইটেড আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে জানিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদো ‘ঘরে’, অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেডেই ফিরছেন।
জুভেন্টাসের সঙ্গে রোনালদোর দলবদল মূল্য নিয়ে চুক্তি হয়ে গেছে ম্যান ইউনাইটেডের। এখন শুধু রোনালদোর স্বাস্থ্যপরীক্ষা ও তাঁর সঙ্গে ম্যান ইউনাইটেডের চুক্তির আনুষ্ঠানিকতা বাকি।
ম্যানচেস্টার ইউনাইটেড বিবৃতিতে লিখেছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে নিশ্চিত করছে যে, ব্যক্তিগত চুক্তি, ভিসা ও স্বাস্থ্যপরীক্ষা সফলভাবে শেষ করার শর্তসাপেক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদলের জন্য আমাদের ক্লাব জুভেন্টাসের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে।’ টুইটারে ঘোষণাটা দিয়ে ক্লাবের অফিশিয়াল একাউন্টে লেখা, ‘ঘরে স্বাগতম, ক্রিস্টিয়ানো।’
ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো বলছেন, রোনালদোকে দলে ভেড়াতে ম্যান ইউর খরচ হয়েছে প্রায় ২০ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কে যা প্রায় ২০০ কোটি।
পাঁচবারের ব্যালন ডি অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও পর্যন্ত ৩০টি মেজর ট্রফি জিতেছেন। যার মধ্যে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ এবং ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে সাতটি লিগ শিরোপা। এছাড়া পর্তুগালের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।
ম্যানচেস্টারে প্রথম দফায় ২৯২ ম্যাচ খেলে ১১৮ গোল করেছেন রোনালদো। ক্লাবের সবাই তাকে পুনরায় স্বাগত জানাতে মুখিয়ে রয়েছে।’
রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্কচ্ছেদ করে ২০১৮ সালে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছিলেন রোনালদো। তিন বছর সেখানে কাটিয়ে হঠাৎ ক্লাব ছাড়ার কথা কোচকে জানিয়ে দেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।
তখনও জানা যায়নি, আসলে কোন ক্লাবে নাম লেখাতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এই ফুটবল সুপারস্টার। শোনা যাচ্ছিল, ম্যানচেস্টার সিটির সঙ্গে কথাবার্তা প্রায় পাকা। প্যারিস সেন্ট জার্মেইতেও (পিএসজি) যাওয়ার গুঞ্জন ছিল।
কিন্তু শেষ পর্যন্ত সেগুলোর কোনোটাই সত্য হলো না। রোনালদো ফিরলেন তার পুরনো ঘর ম্যানচেস্টার ইউনাইটেডেই। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছয় বছর এই ক্লাবে ছিলেন পর্তুগিজ যুবরাজ।
