নজর২৪ ডেস্ক- সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশেও কাবুল বিমানবন্দরের মতো দৃশ্য দেখা যাবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে যে কথা লিখেছেন, তাতে সমর্থন করছেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের প্রধান সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
আসিফ নজরুল ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বিভাগীয় কক্ষে তালা ও তাকে পে.টানোর হুমকির প্রতিবাদে শুক্রবার এক সমাবেশে বক্তব্য রাখছিলেন তারা।
রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘নাগরিক সমাবেশের’ ব্যানারে জড়ো হন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘টাকা চুরি না করেও খালেদা জিয়াকে ১০ বছর জেল দিয়েছেন। কিন্তু আপনার আমলে যা হচ্ছে তার জন্য আপনার কী হয় জানি না।
‘আপনি কথা দিয়েছিলেন, নিরাপদ সড়ক আন্দোলন যারা করেছিল, সে ছাত্রদের নামে কোনো মামলা হবে না। অথচ তিন বছর ধরে সে মামলা ঝুলছে৷ আর নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ করায় ৫৪ জন ছাত্রের এখনও জামিন হয়নি৷ শুধু জামিন না, সম্পূর্ণ মামলা প্রত্যাহার করা উচিত। তবেই আসিফ নজরুল যে ভয় করেছে, সে কাবুলের দৃশ্য দেখতে হবে না। নতুবা কাবুলে দৃশ্যের পুনরাবৃত্তি হওয়া আশ্চর্যের কিছু না।’
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘অধ্যাপক আসিফ নজরুল তার স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করলেও তারা বুঝে নিয়েছে তাদের উদ্দেশেই কথাটি বলা হয়েছে। অর্থাৎ চোরের মনে পুলিশ, পুলিশ। মানুষ বিজয় দেখতে চায়। কিন্তু শেখ হাসিনা সে বিজয় হতে দেন না। সমস্ত বিজয় নিজে গিলে খায়। যেটা আসিফ নজরুল লিখেছে তা প্রত্যেকটা মানুষের বুকে ব্যানার হয়ে ঝুলছে।’
জোনায়েদ সাকি বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন সরকার আফগানিস্তানের দৃশ্যে যেন নিজেদের ভবিষ্যত দেখেছে। তা না হলে কেনো তারা আসিফ নজরুলের উপর উঠেপড়ে লেগেছে?
‘দুই লাইনের এই স্ট্যাটাসের কারণে সরকারের পায়ের তলার মাটি কেঁপে উঠেছে। বর্তমান সরকারেরও এই পরিণতি হবে। তখন তাদের প্লেনের চাকা ধরে দেশ থেকে পালাতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আমিন বেপারি বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর কন্যা। আপনি ভালো করেই জানেন জনগণের আন্দোলন শুরু হলে আপনার ওই মসনদ থাকবে না। আসিফ নজরুল তার স্ট্যাটাসে সেদিকেই ইঙ্গিত করেছেন।
‘আমরা তালেবানের আদর্শে বিশ্বাসী নই, গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু আপনি যদি গণতন্ত্র কেড়ে নেন, সুষ্ঠু নির্বাচন না দেন তাহলে জনগণের গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনার সরকারের পরিবর্তন হবে, ইনশাআল্লাহ।’
ডাকসুর সাবেক ভিপি নুরুল হোক নূর বলেন, ‘শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে এই দুর্বৃত্তয়ানের আমলে অন্যায়, অবিচার দু:শাসন নিয়ে কথা বলছেন তিনি হচ্ছেন আসিফ নজরুল স্যার। তিনি যে স্ট্যাটাস দিয়েছেন তা কি অবাস্তব কথা? সাহস থাকলে নিরেপক্ষ নির্বাচন দিয়ে দেখেন, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।’
