নজর২৪, চট্রগ্রাম- হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। এতে ইমামতি করেছেন তার মামা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের পর হাটহাজারীতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসার ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় ভীড়ের কারণে মরদেহ বহনকারী কফিন মাদ্রাসা মাঠ থেকে স্থানীয় ডাকবাংলোতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই নামাজে জানাজা পরিচালিত হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১ টায় উচ্চ রক্তচাপজনিত কারণে সংজ্ঞাহীন হওয়ায় অ্যাম্বুলেন্সযোগে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছিল। হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২ টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। গোসল শেষে আল্লামা জুনায়েদ বাবুনগরীর লাশ মাদরাসা মাঠে উপস্থিত করা হয়। এসময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।
আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালের খবরে বৃহস্পতিবার দুপুর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন ভক্ত, অনুসারী ও ছাত্ররা। তাকে এক নজর দেখতে লোকে লোকারণ্য হয়ে যায় দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণসহ পুরো হাটহাজারী এলাকা।
জানাজায় অংশ নিতে ব্যাপক লোক সমাগমের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি রোডে সব ধরণের যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন।
