মৌলবাদীরা পাকিস্তানি, তালেবানের বন্ধু: ছাত্রলীগ সভাপতি জয়

নজর২৪, ঢাকা- মৌলবাদী ও জঙ্গিরা কেউ বাংলাদেশের জনগণ নয়। তাদের বাড়ি পাকিস্তান, তারা তালেবানের বন্ধু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়।

 

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত কালো পতাকা মিছিল ও এক মিনিট নীরবতা পালন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

 

বুধবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে এক মিনিট নীরবতা পালন করে কালো পতাকা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে শহীদ মিনার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চলনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

 

সমাবেশে আল নাহিয়ান খান জয় বলেন, ‘২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপির শাসনামলে জেএমবি জঙ্গি গোষ্ঠী সারাদেশে একযোগে হামলা চালিয়েছিল। সেই সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিলের একটাই উদ্দেশ্য, মৌলবাদকে ধিক্কার জানানো। এরা বাংলাদেশের কেউ নয়। এরা পাকিস্তানি, তালেবানের বন্ধু। আগস্ট মাস সারা বিশ্বে একটি কলঙ্কজনক অধ্যায়।’

 

এসময় তিনি ড. আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা জানি শিক্ষক মানুষ গড়ার কারিগর। কিন্তু যে শিক্ষক বাসায় মদের আসর জমিয়ে স্ত্রী-কন্যা নিয়ে বসে থাকে, জঙ্গি গোষ্ঠী; মৌলবাদী ও জাতির পিতার হত্যাকারীদের পাশে থাকে, তাদের আমরা শ্রদ্ধা করতে পারি না’।

 

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘১৯৭৫ সালের পর থেকে আমরা দেখেছি এই আগস্ট মাস আসলেই স্বাধীনতা বিরোধী, রাষ্ট্রদ্রোহী ও বিদেশি এজেন্টদের তৎপরতা অনেকাংশে বেড়ে যায়।

 

‘২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার সঙ্গে জড়িতদের নির্মূল করার জন্য তৎকালীন প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। তৎকালীন প্রশাসন বাংলা ভাইকে মিডিয়ার সৃষ্টি বলে হাস্যরস করেছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের মাটি থেকে জঙ্গি গোষ্ঠীর মূলোৎপাটন সম্ভব হয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *