চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

police 52

নুর ২৪, ঢাকা- রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নেতা-কর্মীরা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান। তার মিনিট দশেকের মধ্যে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

 

ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের ব্যক্তিগত সহকারী শওকত আজিজ বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা মাজার প্রাঙ্গণে আসলে পুলিশ বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করে। একপর্যায়ে তারা মাজারে উপস্থিত নেতাকর্মীদের কোনো প্রকার বিনা উস্কানিতে লাঠিচার্জ করে। তারপরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।

 

সংঘর্ষের সময় বিএনপি নেতা কর্মীদের গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। তাদের দমাতে মারমুখী হয় পুলিশও, টিয়ারশেল ছুড়ে পুলিশ।

 

এদিকে ঘটনার সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। এসময় কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গেও কথা বলেন তিনি।

 

আমান উল্লাহ আমান বলেন, বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে শহীদ জিয়ার কবর জিয়ারত করতে এলে পুলিশ বাধা দেয়। হঠাৎ রাবার বুলেট ছোড়ে এবং নেতাকর্মীদের ধাওয়া দেয়। এতে উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

 

তিনি আরও বলেন, আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা ছিল। কিন্তু পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা করেছে।

 

এ বিষয়ে ডিএমপির শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *