সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে গণআন্দোলন : ভিপি নুর

নজর২৪, ঢাকা- সেপ্টেম্বরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে গণআন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) এবং ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর।

 

শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক নাগরিক সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। অবিলম্বে সবার জন্য টিকা, নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ও জনজীবন সচল রাখার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

ভিপি নুর বলেন, দেশে দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সেদিকে সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই। সরকার এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দিষ্ট একটি তারিখ ঘোষণা করতে পারেনি। শিক্ষামন্ত্রী একেকবার একেক তারিখ ঘোষণা দিচ্ছেন।

 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় চাকরির বাজারে প্রভাব পড়বে। শিক্ষার্থীদের এ ক্ষতি থেকে বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে সবাইকে রাজপথে নামতে হবে। এই সরকার চাচ্ছে কোনোরকম পাঁচ বছর কাটিয়ে দিতে, তারা নিজেও জানে না তারা কখন বিপদের মধ্যে পড়ে যায়।

 

নুর আরও বলেন, এই নাগরিক সমাবেশ থেকে দাবি জানাতে চাই, আগামী সেপ্টেম্বর থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। খুলে না দিলে আমরা শিক্ষার্থীদের নিয়ে গণআন্দোলনের ডাক দেব।

 

নিজের নেতাকর্মীদের মুক্তি চেয়ে ছাত্র-যুব-শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদের এই প্রধান সমন্বয়ক বলেন, আমাদের এখানে আজ অনেক মুক্তিযোদ্ধাই আছেন তাদের কয়জনকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাওয়াত দেওয়া হয়েছে? অথচ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাওয়াত করা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেটির প্রতিবাদ করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী সহযোদ্ধা আজ জেলে। তাদেরকে নানাভাবে নির্যাতন করা হচ্ছে। আমি আটক সব নেতাকর্মীর অবিলম্বে মুক্তি চাই।

 

সমাবেশে অন্যদের মধ্যে ছিলেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরীসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *